জবিসহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের নিন্দা, দখলদারিত্বের রাজনীতির অবসান দাবি ছাত্র ফ্রন্টের

জবিসহ বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের নিন্দা, দখলদারিত্বের রাজনীতির অবসান দাবি ছাত্র ফ্রন্টের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ এবং দখলদারিত্বের রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জবি শাখা। একই সঙ্গে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতার অবসান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক তৌকির আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষের ধারাবাহিকতায় মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে হামলা ও দখলদারিত্বের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মিছিল বের করলে সংগঠনটির জবি শাখার সভাপতি ইভান তাহসীবসহ নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।

সংগঠনটির ভাষ্য, ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাত তাদের দীর্ঘদিনের অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চার বহিঃপ্রকাশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাগুলো দখলদারিত্ব ও সহিংস রাজনীতির ধারাবাহিকতা, যার সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সবসময় শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংগঠনটির মতে, ছাত্ররাজনীতির একটি ধারা সন্ত্রাস ও আধিপত্যের, অন্যটি শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র ও মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে সৃষ্টি হওয়া ভীতিকর পরিবেশের জন্য ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাতকে দায়ী করে তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি প্রশাসনের ‘নির্বিকার ভূমিকার’ও সমালোচনা করা হয়। সংগঠনটি বলেছে, চলমান ঘটনাকে অজুহাত করে কোনোভাবেই ক্যাম্পাস বন্ধ করা উচিত হবে না।

বিজ্ঞপ্তিতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংসতার অবসান, সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং সংঘর্ষে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন