জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের শিক্ষার্থী নেয়ামত উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গণিত বিভাগের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ থাকায় প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে কর্মসূচিতে বাধা দেওয়া হয়। এ সময় দফায় দফায় স্লোগান দিয়ে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস ফর নিয়ামত’ ও ‘নিয়ামতের ওপর হামলার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও সুনির্দিষ্ট কোনো জবাব দেওয়া হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের সহপাঠীর সাতটি দাঁত ও চোয়াল ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার এত দিন পরও প্রশাসন কোনো দৃশ্যমান জবাব দিতে পারেনি। বিচার না পেয়ে আমরা কীভাবে চুপ থাকব?"
বিক্ষোভ চলাকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের কর্মসূচি বন্ধ করতে বলেন। এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রক্টরিয়াল টিমের সদস্য ড. নঈম আখতার সিদ্দিকী বলেন, "বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে গত ৪ আগস্ট থেকেই ক্যাম্পাসে মিছিল, মিটিং ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে।"
তিনি আরও বলেন, "কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে বিভাগের ছাত্র উপদেষ্টা বা চেয়ারম্যানের মাধ্যমে লিখিতভাবে প্রক্টর অফিসে জানানো যেতে পারে। পরিবেশ শান্ত রাখতে অন্য কয়েকটি সংগঠনের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। এছাড়া ৪ আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।"
উল্লেখ্য, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। এর মধ্যে গণিত বিভাগের শিক্ষার্থী নেয়ামত উল্লাহ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সহপাঠীদের তথ্য অনুযায়ী, হামলায় তার চোয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি মুখমণ্ডলের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

