রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সব প্যানেলের প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সৈয়দ আমির আলী হলে ভোটদান শেষে তিনি এ আহ্বান জানান।
ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আমাদের সবার বহুল প্রত্যাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোনো প্যানেলের প্রতিই যেন নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিমাতাসুলভ আচরণ না করে। সব প্যানেলকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি, যেন এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে।
শিবির সমর্থিত এই ভিপি প্রার্থী বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে আমরা মনে করছি। আমরা সবকিছু পর্যবেক্ষণে রেখেছি। কোনো ধরনের সমস্যা দেখলে আমরা সাংবাদিক ভাইদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানাব। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সুন্দর আছে, আইনশৃঙ্খলা নিয়ে কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। সব ছাত্র সংগঠনের নেতাকর্মী ও প্যানেলের প্রার্থীদের প্রতি আহ্বান থাকবে, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের আন্তরিক হতে হবে। প্রশাসনের প্রতিও আমরা আহ্বান করছি, কোনো প্যানেলের প্রতি আপনারা কোনো ধরনের অনৈতিক আচরণ করবেন না।
হাতের কালি মুছে যাচ্ছে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর এমন অভিযোগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাও ছাত্রদলের সঙ্গে একমত পোষণ করছি। আমরা প্রশাসনকে এই বিষয়ে আগেই জানিয়েছিলাম। জাকসু ও চাকসুর নির্বাচনে কালি মুছে যাওয়ার বিষয়টি সামনে এনে আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করেছিলাম। প্রশাসন আমাদের অভিযোগ দ্রুত আমলে নেয়নি কেন, তা আমাদের বুঝে আসছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

