রাবি ছাত্রদল নেতা ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক

রাবি ছাত্রদল নেতা ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে সাত পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ আটক করেছে মতিহার থানার পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বর্তমানে তাকে মতিহার থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির।

আটক হাসিবের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে একসময় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। এছাড়া নিজের মালিকানা দাবি করে অন্যের ফুডকার্ট হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বহিরাগতদের সঙ্গে নিয়ে রাবির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগও রয়েছে এই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ছাত্রদল সব সময় মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে বদ্ধপরিকর। এখনো নিশ্চিত নই, মাদক তার নিজের কাছে ছিল নাকি তার বন্ধুদের কাছে ছিল। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

মতিহার থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির বলেন, হাসিব মাদকসহ আটক হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী মাদক গ্রহণ, ক্রয় ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। তিনি যেহেতু মাদক নিয়ে ধরা পড়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়ে দিয়েছি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন