ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটির অভিযোগ, বর্তমানে নির্ধারিত কেন্দ্রগুলো সংশ্লিষ্ট হল থেকে অনেক দূরে হওয়ায় নারী ভোটারদের অংশগ্রহণ কমে যাবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “যারা নারী নেতৃত্ব চায় না, তারা প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে।” তিনি সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসির পরিবর্তে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের কেন্দ্র টিচার্স ক্লাবের পরিবর্তে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এবং রোকেয়া হল ও শামসুজ্জামান হলের ভোটকেন্দ্র টিএসসি বা বিকল্প উপযুক্ত স্থানে সরানোর প্রস্তাব দেন।
আবু বাকের মজুমদার দাবি করেন, টিএসসির মতো ছোট স্থানে সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট কাস্ট করা সম্ভব হলেও সেখানে চৌদ্দ হাজারেরও বেশি ভোটারকে রাখা হয়েছে। তার মতে, এটি পরিকল্পিতভাবে নারী ভোটারদের অংশগ্রহণ কমানোর চেষ্টা। তিনি দ্রুত কেন্দ্র পরিবর্তনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “ক্ষমতাসীন দল সবসময় শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে চায়। ইতিহাসে দেখা গেছে, স্বৈরাচারের বিরুদ্ধে বড় প্রতিরোধ এসেছে ছাত্রদের কাছ থেকেই।”
তার মতে, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো হলে কৃত্রিম আসন সংকট তৈরি করে এবং প্রশাসন প্রায়শই দলীয় আনুগত্য দেখিয়ে শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে।
তিনি আরও বলেন, অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসে ও আর্থিক সংকটে থাকে। কৃত্রিম আসন সংকটের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নানা নির্যাতন চালানো হয়, যা সাম্প্রতিক আন্দোলনের অন্যতম কারণ ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

