শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সিম্পোজিয়াম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে রমজান মাসে আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও বক্তব্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শাবি ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং তা থেকে শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মাসুদ রানা তুহিন বলেন, রমজান মাসে ‘রাসুল (সা.)-এর বিপ্লবী জীবন’ বিষয়ক সিরাত পাঠ প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, পবিত্র কুরআনে মহানবী (সা.)-এর জীবনকে সর্বোত্তম আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর জীবন থেকে ন্যায়পরায়ণতা, সহনশীলতা, নেতৃত্বগুণ ও মানবিকতার শিক্ষা গ্রহণ করে সমাজের বিদ্যমান সংকট উত্তরণ সম্ভব।
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিও বক্তব্য প্রতিযোগিতায় তিনজন বিজয়ীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সিরাত প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীর মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সিরাত গ্রন্থ বিতরণ করা হয়। অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের মাঝেও সিরাত গ্রন্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল এবং অর্থ সম্পাদক রেজা-ই-রাব্বি সাফওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

