বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শাহজাহান বলেন, আমাদের নেতা তারেক রহমানের লক্ষ্য আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ দূষণের কারণে প্রকৃতি দিন দিন হুমকির মুখে পড়ছে। এই বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন বাড়াতে হবে, যা বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। গাছ কেবল অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও এর ভূমিকা অপরিসীম। অপরিকল্পিত নগরায়ন ও গাছ কাটার ফলে প্রকৃতিতে চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে তিনি বাড়ির আঙিনা, রাস্তার পাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় দল-মত নির্বিশেষে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সদস্য শহীদুল ইসলাম কিরণ, শহর বিএনপির সাবেক সভাপতি মো. আবু নাসের, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ভিপি জসিম উদ্দিন এবং জেলা কৃষকদলের সদস্যসচিব আব্দুজ জাহের হারুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

