ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গত বুধবার দুপুরে এক নারী শিক্ষার্থীকে তাঁর পোশাক-পরিচ্ছদ নিয়ে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।
শুক্রবার সংগঠনটির দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম চর্চার অধিকার খর্ব হওয়া এবং সেইসাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
এতে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উক্ত ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক অভিযুক্তের দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপদে চলাফেরার স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকল্পে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টির উদাত্ত আহ্বান জানান।
আইনের শাসন ও মানবাধিকারের পাশাপাশি নারীদের অধিকারের সমতা ও যথাযথ নিরাপত্তা বিধানের প্রশ্নে সর্বদা আপসহীন উল্লেখ করে এতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাথে সাথে বাংলাদেশের সর্বত্র ধর্মীয় স্বাধীনতা, তথা সকল নাগরিকের নিরাপদে ও নির্বিবাদে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রক্ষার প্রশ্নেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সদা বদ্ধপরিকর।
এতে আরো বলা হয়, দুঃখজনক হলেও সত্য এই যে, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এবং '২৪-এর গণ-অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসেবে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী অংশীদার হওয়া সত্ত্বেও ৫ আগস্ট পরবর্তী সময়ে কিছু স্বার্থান্বেষী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীগণ, বিশেষ করে নারী সদস্যদেরকে প্রতিনিয়ত অনলাইনে ও অফলাইনে পরিকল্পিতভাবে নানান উপায়ে হয়রানি ও নির্যাতন করে যাচ্ছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমন একাধিক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিয়মানুযায়ী বারবার বিচার ও নিরাপত্তা প্রার্থনা করলেও সুষ্ঠু ও কার্যকর প্রক্রিয়াগত পদক্ষেপের মাধ্যমে এমন ঘটনা ঠেকাতে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্তৃক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার মতো ন্যাক্কারজনক ঘটনা ক্যাম্পাসে ঘটে যাবার পরেও এর বিচারে বাঁধা দেয়ার দুঃসাহস দেখাতে পিছপা হচ্ছে না সংঘবদ্ধ উগ্রবাদী মব। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

