যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ভোর ৫:৪৫টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন তারা। পরে সেখানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারের সন্তানদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সাংস্কৃতিক কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যা ৬:৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা ও নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়েছে।
এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে আগামী ২৯ মার্চ রোববার সকাল ১১:৩০টায় টিএসসি মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করবেন এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অন্যদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও পৃথক কর্মসূচি পালন করে। এদিন সকাল ১০টায় সংগঠনটির নেতাকর্মীরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই দিনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

