জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় চাকসুর দোয়া মাহফিল

জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় চাকসুর দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আসরের নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে রাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, জুলাইয়ের ঘটনাগুলো বারবার আলোচনা করা প্রয়োজন। কারণ এর চর্চা কমে গেলে জুলাইয়ের ইতিহাসও ধীরে ধীরে আড়ালে চলে যাবে।

তিনি বলেন, “বিগত সরকার ১৭ বছর ধরে ভারতের দাসত্ব করেছে, আর আমরা তার শিকার হয়েছি। আধিপত্যবাদের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছিল, সেই আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন ওসমান হাদী। আমরা যেন তাকে ভুলে না যাই।”

তিনি আরও বলেন, “আজ এখানে আমাদের বক্তব্য রাখার কথা নয়। আমরা বেঁচে থাকলেও হয়তো আয়নাঘরে থাকতে হতো। দুই বছর আগে ৩০ জুলাই রাতে আমাদের বাসায় হামলা চালানো হয়েছিল।”

অধ্যাপক আতিয়ার রহমান বলেন, “আমরা সবসময় দেখেছি, আমাদের ছাত্ররা বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু জুলাইয়ের আন্দোলনের সময় শিক্ষক সমাজের অনেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি।”

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “১৬ জুলাই আমাদের জন্য একটি কঠিন দিন ছিল। এদিন চট্টগ্রামে আমাদের তিনজন শহীদ হয়েছিলেন। সেদিনের মুরাদপুর পুরো বাংলাদেশে চট্টগ্রামকে একটি বিপ্লবী জনপদ হিসেবে পরিচিত করেছিল।”

তিনি বলেন, “একই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য গোটা বাংলাদেশ দেখেছিল। আবু সাঈদের শহীদ হওয়ার খবর মানুষের সাহস আরও বাড়িয়ে দিয়েছিল।”

ইব্রাহিম হোসেন রনি আরও বলেন, “১৬ জুলাই ছিল এমন একটি দিন, যেদিন শিক্ষার্থীরা শুধু আন্দোলন করেনি; তারা শহীদ হওয়ার মানসিক প্রস্তুতিও নিয়েছিল।”

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন