কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং কোফায়েত উল্লাহ ওরফে আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে ৬ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপরজন হলেন আব্দুল হাফেজ (২২)। তিনিও ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবং আরসার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ দাবি করেছে, আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা ও তার সহযোগী আব্দুল হাফেজ ক্যাম্প-৬-এর ডি/১ ব্লকে কামাল হোসেনের বাসায় অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে গোপনে অবস্থান করছিলেন। পরে নৌকারমাঠ পুলিশ ক্যাম্প-৩-এর ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ও গোয়েন্দা সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মোহাম্মদ আলম ওরফে মুছার বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, হত্যা ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাসহ কয়েকটি মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি এবং মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন পলাতক থাকা মুছা হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
১৪ এপিবিএনের অধিনায়ক রিয়াজ আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরসার দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আলম ওরফে মুছার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে। ক্যাম্প এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ১৪ এপিবিএনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

