জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা হবে আজ। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনার লক্ষ্যে "পরিবেশ পরিষদ জাকসু নির্বাচন ২০২৫" এর সাথে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি এবং ক্রিয়াশীল শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ ঘণ্টা মিটিং শেষে বুধবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় আজকে জাকসুর তফশিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাকসুর তফশিল ঘোষণার বিষয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন আজকের সভায় জাকসুর তপশিল ঘোষণার বিষয়ে একমত হয়েছে। আমরা আজকের মধ্যেই জাকসুর তফশিল ঘোষণা করব।”
সভা শেষে জাকসুর তফশিল ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটবে আজকের জাকসু নির্বাচনের তফশিল ঘোষণার মধ্য দিয়ে। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই হামলার বিচারের পাশাপাশি নির্বাচনি কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।”
এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাণের দাবি জাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষিত সময়ে জাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সবধরনের প্রস্তুতি রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো জুলাই আগস্টে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং হামলার মদদ দাতা ফ্যাসিবাদের দোসরদের এখনো বিচারের আওতায় আনা হয়নি, এখনো বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত, ব্লকে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো হল গুলোতে অবস্থান করছে, ফ্যাসিবাদের দোসর শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় আসীন রয়েছে, এই অবস্থাতে আমরা মনে করি সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

