সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বেসামরিক গাড়িতে ইসরাইলি ড্রোন হামলার নিন্দা জানিয়েছে কুয়েত। হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের বারবার হামলা বন্ধে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি দখলদার বাহিনীর বারবার আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালন করতে হবে।
তবে হামলার পক্ষে যুক্তি দিয়েছে ইসরাইল। দেশটির দাবি, ওই হামলায় ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করা হয়েছিল।
ইসরাইল আরো বলেছে, তাদের বাহিনীর জন্য তৈরি হওয়া ‘তাৎক্ষণিক হুমকির’ জবাবে এই হামলা চালানো হয়েছে।
এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় এটি ইসরাইলের দ্বিতীয় হামলা। এর আগে মঙ্গলবার দেশটির ইদলিব প্রদেশের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরাইল।
ইসরাইলের দাবি ছিল, ওই বিমানঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েন করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতেই বিমানঘাঁটিটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরাইল।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

