আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাত্র এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে আটক হয়েছেন আরো ২৯ জন। অন্যদিকে, আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া, পরিবহন করা কিংবা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আটক ব্যক্তিদের পাশাপাশি আরো বিপুলসংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরো ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সব মিলিয়ে বর্তমানে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারীসহ মোট ৪০ হাজার ৭৬২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, অবৈধ অভিবাসীদের সহায়তা করার বিষয়ে সাধারণ মানুষ ও নিয়োগকর্তাদের সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন করা, আশ্রয় দেওয়া কিংবা কোনো ধরনের সেবা প্রদান করা গুরুতর অপরাধ।
এসব অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত বাড়ি বা সম্পত্তি বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


