ইস্তানবুলে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

ইস্তানবুলে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

প্রবাসে ঈদ মানেই একে অপরের খোঁজ নেয়া, ভালোবাসা ভাগ করে নেয়া এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। এই আবেগ ও অনুভূতির প্রতিফলন ঘটিয়ে ঈদ-উল-ফিতরের দ্বিতীয় দিন বিকেলে BEKDER আয়োজন করেছিল এক বর্ণিল ও হৃদয়ছোঁয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

বিজ্ঞাপন

ঐতিহাসিক ও আধ্যাত্মিক আবহে ঘেরা ইস্তানবুলের অন্যতম পবিত্র স্থান, বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আল-আনসারী (রা.) এর কবর সংলগ্ন New World Foundation এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রাণবন্ত মিলনমেলা। ঈদের আনন্দ একত্রে ভাগাভাগি করতে ইস্তানবুল ও অন্যান্য শহরসমূহ থেকে সমবেত প্রবাসী বাংলাদেশিরা যেন এক বিশাল পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন।

বিদেশের মাটিতে ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে ছিল নানান আয়োজন— যেমনঃ হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে ছিল কুরআন তিলাওয়াত, দেশাত্মবোধক ও ইসলামী সঙ্গীত, মজাদার খেলাধুলা ও প্রাণবন্ত মূকাভিনয়, যা দর্শকদের করেছে অভিভূত। এছাড়াও ছিল উত্তেজনাপূর্ণ লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ, যা অনুষ্ঠানে যোগ করেছে বাড়তি আনন্দ।

বিশেষ আকর্ষণ ছিল “সবুজের বুকে লাল - ঈদ মোবারক” ফটো ফ্রেম। এই ফ্রেম শুধু ঈদের আনন্দই নয়, বরং মনে করিয়ে দিয়েছে ২০২৪ এর জুলাই বিপ্লবের — “জন্মভূমি অথবা মৃত্যু”— শীর্ষক অমর স্লোগানটিকে।

এছাড়াও BEKDER-এর পূর্ববর্তী সফল আয়োজনগুলোর প্রশংসা শুনে মিসর, ফিলিস্তিন, আলজেরিয়া, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরাও এই উৎসবে যোগ দেন, যা আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা এনে দেয়।

বিশেষ এই দিনে সুস্বাদু বাংলাদেশি খাবার, পানীয়, বাহারি মিষ্টান্ন ও দেশীয় ঝাল খাবার পরিবেশন করা হয়, যা প্রবাসে ঈদের স্বাদকে আরও গভীর করে তোলে।

অনুষ্ঠানে BEKDER- এর সাংগঠনিক সম্পাদক ও সহযোগী অধ্যাপক ড. আ.ফ.ম. শাহেন শাহের উদ্বোধনী বক্তব্যের পরেই বিশেষ অতিথি হিসেবে New World Foundation এর চেয়ারম্যান মেহমেত গোকসু শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি কমিউনিটির মরহুম তরিকুল ইসলাম ভাইকে স্মরণ করেন এবং বেকদের সভাপতি ড. হাফিজুর রহমনকে ধন্যবাদ জানান।

অতিথি পর্বে বেকদেরের দায়িত্বশীলদের মধ্য হতে ড. রহমতুল্লাহ রফিক, ড. জাহিদুল ইসলাম সরকার, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. নূরুদ্দিন হামিম, মাওলানা মুস্তাফিজুর রহমান, ডা: সিরাজুল ইসলাম, যাকির হোসেন ও ড. ফেরদৌস সহ কমিউনিটির পরিচিত ভাই ও বোনেরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আরো শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মুহাম্মদ মাকসুদুর রহমান। সমাপনী বক্তব্য প্রদান করেন বেকদেরের সেক্রেটারি জেনারেল ও কারাবুক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আ.স.ম. মাহমুদুল হাসান।

এই আয়োজন শুধু একটি ঈদ অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে ভালোবাসা, একতা ও সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিল। সবাই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যেখানে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন