‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর আয়োজনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে এক বিপ্লব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য সরকারের করণীয় বিষয়ে বক্তব্য দেন। বিশেষ করে, জুলাই সনদের আলোকে দেশ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
গত বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর উদ্যোগে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়।
এলায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার এবং সদস্যসচিব শাহরিয়ার আলম শিপারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হাসনাত হোসাইন এমবিই বলেন, “জাতির কাছে তারেক সাহেব জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন। তা বাস্তবায়ন না করলে তিনি ওয়াদা ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।”
প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ শাখার প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে।”
সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে রুদ্ধ করতে হবে।
‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর কনভেনর আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, কমিউনিটি ব্যক্তিত্ব এবং গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপ শাখার প্রধান মুখপাত্র ও আন্তর্জাতিক আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের সালেহসহ আরও অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


