‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’-এ শিক্ষাগুরুদের প্রতি আন্তরিক সম্মান জানাতে শিক্ষকের অতিমানবিক প্রেরণা আর শিক্ষার্থীর অসামান্য শ্রদ্ধাজ্ঞাপনের স্মারক ‘হেলেন কেলার’ প্রযোজনার বিশেষ মঞ্চায়নের আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল।
আগামীকাল, ৫ অক্টোবর, সোমবার সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর ৬৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে। ‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।
‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’-এ ‘হেলেন কেলার’-এর বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও।
অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা! আর বিরূপ পরিস্থিতিতেও মানুষের কর্তব্য যে হতে পারে কতখানি মহান- এসব উচ্চাঙ্গের অনুভবই শেষাবধি প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এবং গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতির এ প্রযোজনায়। ‘হেলেন কেলার’-এর মঞ্চ-আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শাখাওয়াত শ্যামল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

