এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বিশ্বকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বিশ্বকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে বৈশ্বিক নীতিমালা ও তদারকি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ জন্য জাতিসংঘের সদস্যদেশগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার বার্বাডোসে অনুষ্ঠিত এআই নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

গুতেরেস বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে এমন একটি বহুপক্ষীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে বিশ্বের সব দেশের অংশগ্রহণ থাকবে এবং নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে। পাশাপাশি এ কাঠামোর কার্যক্রম তদারকির জন্য স্বাধীন ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা থাকতে হবে।

চলতি বছরের ডিসেম্বরে জাতিসংঘ মহাসচিব হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা। মেয়াদের শেষ পর্যায়ে এসে উন্নত প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ক্রমেই সোচ্চার হয়েছেন তিনি। তার আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে ভবিষ্যতে ‘ঘাতক রোবট’ বাস্তবে পরিণত হতে পারে।

বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যের আহ্বান

সোমবার বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে অনুষ্ঠিত ‘ব্রিজটাউন বিশেষ এআই নিরাপত্তা সম্মেলনে’ গুতেরেস বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান এখনো ১৯৪৫ সালের বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব প্রতিষ্ঠানের সংস্কার প্রয়োজন। এ সংস্কারের প্রয়োজন জাতিসংঘের ক্ষেত্রেও রয়েছে। একইভাবে আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং বিশ্ব বাণিজ্যব্যবস্থারও পরিবর্তন দরকার।

নতুন বছরের শুরুতে জাতিসংঘের পরবর্তী মহাসচিব দায়িত্ব নেবেন। তবে এখনো তার উত্তরসূরি নির্বাচন করা হয়নি। গুতেরেস জানিয়েছেন, উত্তরসূরিকে তিনি পরামর্শ দেবেন, মানবজাতির নিজেদের পৃথিবীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হলে এআইকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

এআই নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের প্রতিযোগিতা

এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিবিধান তৈরির সম্ভাবনা এখনো দূরবর্তী বলে মনে করা হচ্ছে। কারণ, এ প্রযুক্তির দুই প্রধান শক্তি যুক্তরাষ্ট্র ও চীন গবেষণা এবং উন্নয়নে এগিয়ে থাকার প্রতিযোগিতায় ব্যস্ত। নতুন নতুন প্রযুক্তিগত সাফল্য অর্জনের মাধ্যমে একে অপরের ওপর প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে দেশ দুটি।

এ পরিস্থিতিতে এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত কাঠামো গড়ে তোলা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...