চ্যাপ্টার ১৪-তে রাফসান ‘ছোট ভাই’ ও সুনেরাহর (রাফ-সু) দুর্দান্ত উপস্থিতির পর ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের মনে যে তুমুল কৌতূহল তৈরি হয়েছিল, আজ তার অবসান ঘটতে যাচ্ছে। দর্শকদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে একযোগে মুক্তি পাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৫’।
আগের চ্যাপ্টারে ব্যাচেলরদের চরম পাগলামির মাঝে রাফসান ও সুনেরাহর সারপ্রাইজ এন্ট্রি গল্পে এক নতুন মাত্রা যোগ করেছিল। পর্বগুলোর শেষে দর্শকদের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছিল—রাফ-সু’র গল্প কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো সারপ্রাইজ? এই সাসপেন্স নিয়েই গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল তুমুল উন্মাদনা।
দর্শকদের এই অভাবনীয় আগ্রহ ও ভালোবাসার প্রতিদান হিসেবে বঙ্গ নিয়ে এসেছে এক বিশেষ মেগা সারপ্রাইজ। জানা গেছে, যারা চ্যাপ্টার ১৫ প্রি-বুক করেছেন, তাদের মধ্য থেকে ভাগ্যবান কয়েকজন পাবেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর কাস্ট ও ক্রুদের সাথে এক্সক্লুসিভ ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেওয়ার সুযোগ। পাশাপাশি বিজয়ী দর্শকদের জন্য প্রিয় তারকাদের সাথে বসে স্পেশাল ডিনারের সুযোগও থাকছে।
নির্মাতা কাজল আরেফিন অমি বরাবরের মতোই দর্শকদের নিরাশ না করে দ্রুততম সময়ের মধ্যেই গল্পে নিয়ে এসেছেন নতুন মোড়। আজ সন্ধ্যা ৭টা বাজলেই বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে একযোগে উপভোগ করা যাবে চ্যাপ্টার ১৫-এর নতুন সব পর্ব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

