অডিও প্রযোজনা সংস্থাগুলো যখন নাটক ও দৃশ্যনির্ভর বিনোদনের দিকে ঝুঁকছে, ঠিক তখন স্রোতের বিপরীতে হেঁটে বাংলা গানের স্বকীয়তা ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। প্রতিষ্ঠানটির এই একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের আয়োজনে প্রথম শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। দীর্ঘ ১০ বছর পর আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাঁর নতুন একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’।
মোট নয়টি ভিন্ন স্বাদের গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। যৌথভাবে সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজনে ছিলেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। অ্যালবামের একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন বাঁধন সরকার পূজা।
দীর্ঘ বিরতির পর অ্যালবাম ফেরা নিয়ে উচ্ছ্বসিত কাজী শুভ বলেন, “দীর্ঘ বছর পর একক অ্যালবাম প্রকাশ পাওয়া অত্যন্ত আনন্দের। অডিওর এই সংকটকালে ধ্রুবদা যে ঝুঁকি নিয়েছেন, তার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা। অ্যালবামের নয়টি গানই ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করেছি, আশা করি শ্রোতারা নিরাশ হবেন না।”
ডিএমএসের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, “শ্রুতির জগৎ যখন দৃশ্যের কাছে জায়গা হারাচ্ছে, তখন বাংলা গানের ঐতিহ্য ও স্বকীয়তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন। বিশ্বাস করি, এই উদ্যোগ শ্রোতাদের মাঝে গান নিয়ে নতুন আগ্রহ তৈরি করবে।”
ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি সকল ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে একযোগে অ্যালবামটি মুক্তি দেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

