রহস্য, আতঙ্ক আর বেঁচে থাকার গল্প ‘অ্যানি’

বিনোদন রিপোর্টার

রহস্য, আতঙ্ক আর বেঁচে থাকার গল্প ‘অ্যানি’

নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ ‘অ্যানি’ নামের যে সিরিজটি নির্মাণ করেছেন, সেটির ট্রেইলার প্রকাশ্যে এসেছে। সিরিজটির এক মিনিট ৪০ সেকেন্ডের ট্রেইলার সোমবার রাত থেকে দেখা যাচ্ছে। ট্রেইলারের ভিডিওতে দেখা গেছে, অ্যানি নামের এক মেয়ের রহস্যময়, অস্বস্তিকর ও ডিস্টোপিয়ান এক জগতের আভাস। যেখানে ‘রেড ডিজিজ’ নামের একটি রহস্যময় ভাইরাসের থাবায় অবরুদ্ধ পুরো সমাজ। তবে এটি কোনো সাধারণ মহামারি নয়, এটি একটি 'হেইট প্যান্ডেমিক' ভাইরাস, যা মানুষের ভেতরে এক ধরনের মারাত্মক আসক্তি তৈরি করে। সিরিজে অ্যানি একজন তরুণ নার্স, যিনি তার পাঁচ ভাইবোন বেনি, জেনি, এপ্রিল, মে এবং জুনকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যান। এই পরিস্থিতিতে তাদের টিকে থাকার লড়াই এবং ভেতরের মনস্তাত্ত্বিক গল্পই দেখানো হয়েছে ট্রেইলারে। এতে অ্যানি চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিরিজটি মঙ্গলবার জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে বিশ্ব প্রিমিয়ার হবে। উৎসবে 'উইমেন ইন সিরিজ' বিভাগে প্রতিযোগিতা করছে। নাজিফা তুষির পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন ও ফারহানা মিঠুসহ আরও অনেকে। ২০২৩ সালে এ সিরিজটির শুটিং হয়েছে গাজীপুরের একটি রিসোর্টে। ৩৪ দিন ধরে চিত্রায়িত হয় এ সিরিজ। ২০২১ সালে এই নির্মাতার হাত ধরেই 'রেহানা মরিয়ম নূর' সিনেমা দিয়ে কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে প্রথমবারের মত বাংলাদেশের নাম উঠেছিল।

এর আগে ২০১৬ সালে তিনি নির্মাণ করেছেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’; ২০১৯ সালে মুক্তির পর বোদ্ধামহলেও সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছিল।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন