টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন পপতারকা টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনার দায়ে এক তরুণকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার অস্ট্রিয়ার উইনার নয়শটাড্ট আদালত এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী অস্ট্রিয়ান নাগরিক বেরান এ. ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হন। অস্ট্রিয়ার গোপনীয়তা আইনের কারণে তার পুরো নাম প্রকাশ করা হয়নি। গ্রেপ্তারের একদিন পর থেকেই ভিয়েনায় টেইলর সুইফটের টানা তিনটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হামলার আশঙ্কায় সবগুলো অনুষ্ঠান বাতিল করা হয়, যা ভক্তদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি করে।

আদালতে বেরান এ. স্বীকার করেন, তিনি কনসার্টে হামলার পরিকল্পনা করেছিলেন। সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান ছিল। শুনানির সময় তিনি নিজের মুখ ঢেকে আদালতে প্রবেশ করেন, যাতে তার ছবি তোলা না যায়।

রায়ের আগে শেষ বক্তব্যে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, আমি দুঃখিত।

তদন্তে জানা যায়, বেরান এ. অবৈধভাবে মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড কেনার চেষ্টা করেছিলেন। এছাড়া তথাকথিত ইসলামিক স্টেটের একটি ভিডিও অনুসরণ করে তিনি টিএটিপি (ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড) নামের বিস্ফোরক তৈরির চেষ্টাও করেন।

সূত্র: সিএনএন

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন