সালমান শাহ হত্যা মামলা

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই নতুন তারিখ ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (এসআই) শাহ আলম।

বিজ্ঞাপন

এর আগে সালমান শাহর মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়। সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে মোট ১১ জনকে আসামি করার পাশাপাশি কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়। আসামিরা হলেন— সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পরই রমনা থানায় আনুষ্ঠানিক হত্যা মামলা নথিভুক্ত করা হয়।

মামলা দায়েরের পরপরই গত বছরের ২৭ অক্টোবর সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরই ধারাবাহিকতায় মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন