আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মঞ্চে আসছে নাট্যদল এথিকের সুড়ঙ্গ

বিনোদন রিপোর্টার

মঞ্চে আসছে নাট্যদল এথিকের সুড়ঙ্গ
ছবি: সংগৃহীত

নাট্যদল এথিক মঞ্চে নিয়ে আসছে তাদের চতুর্দশ প্রযোজনা প্রখ্যাত কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহর ‘সুড়ঙ্গ’। নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করা হবে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আফনান অপ্সরা, প্রদীপ কুমার, মনি কানচন, সুকর্ণ হাসান, আজিম উদ্দিন, রেজিনা রুনি, নাহিদ মুন্না, ঊর্মি আহমেদ, দীপান্বিতা রায়, রুবেল খানসহ আরো অনেকে। মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, আবহসংগীত শিশির রহমান, পোশাক ও রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, কোরিওগ্রাফি এমআর ওয়াসেক ও নাটকের প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

বিজ্ঞাপন

ধন-সম্পদের প্রতি মানুষের লোভ চিরকাল। অন্যের সম্পদ নিজের করে নেওয়ার প্রবৃত্তি আদিকাল থেকে চলমান। হোক তা বৈধ, কী অবৈধ উপায়ে। হোক সে দূরের অথবা কাছের জন। প্রয়োজনে সুড়ঙ্গ খুঁড়ে সম্পদ ছিনিয়ে নিতেও দ্বিধা করে না মানুষ। কিন্তু সম্পদ কি সবাইকে সব সময় ধরা দেয়? গুপ্তধন কি জোটে সবার ভাগ্যে? এমনই বিষয় ফুটে উঠেছে নাটকে এক ষোড়শী কন্যার কৌতূহলী ভাবনার জগতের ভেতর দিয়ে। নাটকের কাহিনি আবর্তিত রাবেয়াকে ঘিরে। দুদিন পর তার বিয়ে, অথচ সে বিছানায় শয্যা নিয়েছে। ডাক্তার-হেকিম সব হদ্দ হয়ে গেল, কিন্তু কেউ তার অসুখ ধরতে পারে না। মাতৃহারা মেয়ের দুশ্চিন্তায় বাবা রেজ্জাক সরদার অতিশয় উদ্বিগ্ন। মুশকিল আসান হয়ে অবশেষে এলো এক ফকির বাবা, যাকে দেখে রাবেয়া অবাক। কিন্তু রহস্য না ভাঙতে রাবেয়া তৎপর। যে রহস্যের রোমাঞ্চে নিজের বিয়ের আয়োজন উপেক্ষা করে অসুস্থতার ভান ধরে ঘরে পড়ে আছে আর দুদিন ধরে শুয়ে শুয়ে শুনছে সুড়ঙ্গ খোঁড়ার শব্দ। মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে এক রহস্যমানব। রোমাঞ্চ আর উত্তেজনায় অবশেষে সবাই মুখোমুখি হয় এক কঠিন সত্যের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন