‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম

‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম

বাংলাদেশের নাট্যাঙ্গনে এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় জুটি তন্ময় সোহেল ও মিম চৌধুরী। এই জুটির অভিনীত একাধিক নাটক ইতোমধ্যেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এবার তাদের নিয়ে পারিবারিক গল্পের নাটক ‘লিপির সংসার’ নির্মাণ করেছেন পরিচালক তন্ময় খান।

নাটকটিতে নাম ভূমিকায় (লিপি) অভিনয় করেছেন মিম চৌধুরী এবং তার স্বামীর ভূমিকায় দেখা গেছে তন্ময় সোহেলকে। পাশাপাশি নাটকে মায়ের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী শিরীন আলম। নাটকটির নাট্যরূপ দিয়েছেন রাকিব ইসলাম।

বিজ্ঞাপন

গত ১৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তির পর থেকেই নাটকটি দর্শকমহলে বেশ সমাদৃত হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় সাড়ে সাত লাখ মানুষ এটি উপভোগ করেছেন।

নাটকটি প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, “গ্রামের অত্যন্ত সহজ-সরল এবং সংসারপ্রেমী এক স্ত্রীর ভূমিকায় আমি অভিনয় করেছি। তন্ময় সোহেল ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক নাটকে কাজ করেছি, তবে এমন গল্পের নাটকে কাজ করার সুযোগ এবারই প্রথম। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি প্রচারের পর থেকে দারুণ সাড়াও পাচ্ছি।”

নিজের খলচরিত্র নিয়ে তন্ময় সোহেল বলেন, “এই নাটকে আমি একজন অত্যাচারী ও নেশাগ্রস্ত স্বামীর চরিত্রে অভিনয় করেছি—যে কথায় কথায় স্ত্রীকে নির্যাতন করে, গায়ে হাত তোলে। গল্পের একপর্যায়ে নিজের হাত দিয়েই স্ত্রী ও সন্তানকে খুন করে ফেলে এবং তার পরিণামে নিজের মা-ই তাকে হত্যা করেন। সমাজ বাস্তবতার ছায়াবলম্বনে এই জীবনঘনিষ্ঠ গল্পটি নির্মিত হয়েছে। নেগেটিভ চরিত্র হওয়া সত্ত্বেও দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। মিম ও আমার অভিনয়ের রসায়ন সবসময়ই পছন্দ করেন, সামনে আমাদের আরও কিছু ভালো কাজ আসছে।”

অন্যদিকে আবেগঘন চরিত্র নিয়ে অভিনেত্রী শিরীন আলম বলেন, “নাটকে তন্ময় আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে। গল্পের শেষ মুহূর্তে আর কোনো উপায় না দেখে নিজ সন্তানকে হত্যা করতে বাধ্য হই। প্রকাশের পর থেকে নাটকটির জন্য বেশ ভালো প্রতিক্রিয়া পাচ্ছি।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন