আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের ঝুলিতে যুক্ত হলো আরো একটি বড় অর্জন। ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মনোজ প্রামাণিক প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’।
১২ জুন শুরু হতে যাওয়া এ উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। এর ইংরেজি নাম ‘দি ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমাদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মনপাচিত্র প্রযোজনা সংস্থার পাশাপাশি জার্মানির মোগাদর ফিল্মসও সহপ্রযোজক হিসেবে যুক্ত রয়েছে। এছাড়া অ্যাসোসিয়েট প্রযোজক হিসেবে কাজ করেছেন জার্মান প্রযোজক ক্রিস্টোফ থোকে এবং কনসাল্টিং প্রযোজক হিসেবে যুক্ত আছেন আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ও প্রোগ্রামার ডার্সি প্যাকুয়েট। সহপ্রযোজক হিসেবে রয়েছেন ফজলে হাসান শিশির।
গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। চলচ্চিত্রটিতে কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং সামাজিক নিপীড়নের বিরুদ্ধে নারীদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যায়, একজন অন্ধ তরুণী নানা প্রতিকূলতা অতিক্রম করে নিজের স্বপ্নের পথে এগিয়ে যায়। একপর্যায়ে সে মুখোমুখি হয় এক রহস্যময় হাতির।
সম্পূর্ণ সাদাকালোতে নির্মিত এ চলচ্চিত্রে নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার বিষয়গুলো কাব্যিক চলচ্চিত্রভাষায় উপস্থাপন করা হয়েছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিমসহ অনেকে।
পরিচালক ইশতিয়াক আহমাদ জিহাদ বলেন, গ্রামীণ বাস্তবতা ও নারীদের জীবনের অভিজ্ঞতা থেকেই এ চলচ্চিত্রের জন্ম। প্রযোজক মনোজ প্রামাণিক বলেন, সীমিত বাজেট, সীমিত সুযোগ এবং একদল তরুণ চলচ্চিত্রকর্মীর অক্লান্ত পরিশ্রমের ফল ‘সাঁকোটা দুলছে’। সাংহাই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া তাদের দীর্ঘদিনের শ্রম ও প্রচেষ্টার স্বীকৃতি।
সাংহাই চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে। পরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সাঁকোটা দুলছে’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

