১৫ মাস পর দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন

১৫ মাস পর দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাসের অধিক সময় ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আজ, ৩ আগস্ট দেশে ফিরেছেন বরেণ্য এ অভিনেতা। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’

বিজ্ঞাপন

‘নিরাপদ সড়ক চাই’-এর আসন্ন মহাসমাবেশে যোগদানের উদ্দেশে দেশে ফিরছেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এ নায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ।

তিনি বলেন, ‘আজ বিকেলে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। তবে তাঁর এই আসা দীর্ঘদিনের জন্য নয়। আগামী ১৫ আগস্ট লন্ডনে তাঁর চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাঁকে আবার ফিরতে হবে।’

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যে যান কাঞ্চন। সেখানে হাসপাতালের পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও চিকিৎসা নেন।

গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। পরে আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন