কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

কানজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের একটি বিশেষ আদালত (তেহরান রিভলিউশনারি কোর্ট)। এর আগে অন্য একটি মামলায় এক বছরের কারাদণ্ড হয়েছিল তাঁর। সেই সাজাও বহাল রয়েছে। ফলে সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে শাস্তির মেয়াদ আরও বাড়ল। তবে নতুন মামলায় ঠিক কী অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

ইরানের সংবাদমাধ্যম এমতেদাদকে এ তথ্য জানিয়েছেন পানাহির আইনজীবী মোস্তফা নিলি।

বিজ্ঞাপন

মোস্তফা নিলি জানিয়েছেন, পরিচালকের অনুপস্থিতিতেই নতুন রায় ঘোষণা করেছে আদালত। শুনানির আগে পানাহিকে এ বিষয়ে কোনও বিজ্ঞপ্তিও পাঠানো হয়নি বলে দাবি তাঁর। গত সপ্তাহে পরিচালকের ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়। এর পরেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে নতুন রায়ের কথা জানতে পারেন পানাহি ও তাঁর আইনজীবী।

কারাদণ্ডের পাশাপাশি পানাহির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী দু’বছর সমাজমাধ্যমে কোনও কার্যকলাপ চালাতে পারবেন না তিনি। একই সময়ের জন্য বিদেশযাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে নতুন রায়ের পরেই তাঁকে সংশোধনাগারে যেতে হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আইনজীবী নিলির বক্তব্য, কারাদণ্ড কার্যকর করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। পরিচালকের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে ইরান সরকারের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় দু’বছরের বিদেশযাত্রার নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রেও তাঁর উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়। তবে নতুন মামলার রায়টি আগের মামলা থেকে সম্পূর্ণ আলাদা বলে জানা যাচ্ছে।

২০২৬ সালের ৩০ মার্চ ইরানে ফিরেছিলেন পানাহি। তাঁর পরিচালিত ‘ইট ওয়াজ় জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির প্রচারে তখন বিভিন্ন দেশে ঘুরছিলেন তিনি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি সম্মানিত হয়েছিল। অস্কারের মনোনয়নও পায় এই ছবি।

আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে পানাহি অত্যন্ত পরিচিত নাম। কিন্তু তাঁর কর্মজীবনের দীর্ঘ সময় জুড়েই রয়েছে আইনি বাধা ও নিষেধাজ্ঞার ঘটনা। ২০১০ সালে তাঁকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ছবি তৈরি, চিত্রনাট্য লেখা, সাক্ষাৎকার দেওয়া এবং বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও ছবি তৈরি বন্ধ করেননি পরিচালক।

২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল পানাহিকে। প্রায় সাত মাস বন্দি থাকার পরে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি। তাঁর ছবি ‘ইট ওয়াজ় জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এও বন্দিদশা, মানসিক ক্ষত এবং প্রতিশোধের মতো বিষয় উঠে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন