সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ওই অনুষ্ঠানে অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। সেই অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অভিনেত্রী পরীমনিও অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিওবার্তা শেয়ার করেন। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
এ বিষয়ে দৈনিক আমার দেশকে মিম বলেন, ‘যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর, বিভিন্ন পেজ পরিচালনা করেন, এবং ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে তাদের কাছে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমি বিশ্বাস করি, সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।’
তিনি আরও বলেন, ‘এত বছরের অভিজ্ঞতায় সাংবাদিকদের কাছে থেকে আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।’
সবশেষে মিম বলেন, ‘নিয়মিত যেসব গণমাধ্যমকর্মী বিভিন্ন অনুষ্ঠানে থাকেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠে। তার ভাষায়, আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

