কিছু মন্ত্রীর মুখে টেপ লাগিয়ে দেওয়া দরকার বলে মনে করেন চিত্রনায়ক সোহেল রানা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে দেয়া এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, গত তিন দিনে দেশের সরকার প্রধান হিসেবে বাংলাদেশের জনসাধারণ অত্যন্ত আনন্দ এবং আশার সঙ্গে গ্রহন করেছে আপনাকে। কিন্তু কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন।’
তিনি আরো বলেন, ‘কোন বিশেষ সংবাদ ব্যতিরেকে তাদেরকে প্রেসের সম্মুখে এসে টিভি এবং প্রিন্ট মিডিয়ায় চেহারা দেখানোর কোন প্রয়োজন নেই ডিপার্টমেন্টের কোন সংবাদ উক্ত ডিপার্টমেন্টের কোন মুখপাত্র দিলেই চলবে। বিশেষ প্রয়োজনে তাদের আসা প্রয়োজন হলে আপনার সাথে কথা বলে তাদেরকে প্রেসের সম্মুখে যাবার অনুমতি দেয়া যেতে পারে।’
এ ছাড়াও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নতুন যারা কর্মী থেকে এমপি এবং এমপি থেকে মিনিস্টার হয়েছেন তারা কয়েকজন ভুলে গেছেন যে এই মুহূর্তে তারা রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সামনে বক্তব্য পেশ করছেন না। তাদের কিছু টালমাটাল বক্তব্য দলের উপর এবং আপনার উপরও বর্তাবে। কেউ কেউ তো নিজের দপ্তরের বাইরে জিহাদ ঘোষণা করছেন। এখন থেকে লাগাম ট্রেনে না ধরলে লাভের গুড় পিপড়ায় খেয়ে ফেলবে। আপনাকে আবার অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

