আড়াল ভেঙে ক্যামেরায় ফিরছেন বুবলী

বিনোদন রিপোর্টার

আড়াল ভেঙে ক্যামেরায় ফিরছেন বুবলী

মাতৃত্বের কারণে নিজেকে অনেকটাই আড়াল করে রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব বেশি দেখা যায়নি তাকে। এমনকি ঈদে মুক্তি পাওয়া নিজের সিনেমাগুলোর প্রচারণাতেও অংশ নেননি এই অভিনেত্রী। পুরো সময়টাই ছিলেন আড়ালে, নবজাতক সন্তান ও নিজের যত্নে। তবে এবার সেই বিরতি ভাঙতে যাচ্ছেন। দাঁড়াতে যাচ্ছেন আবার ক্যামেরার সামনে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।

বিজ্ঞাপন

নির্মাতা জানিয়েছেন, বুবলির সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এ সময়ের মধ্যে তার অংশ বাদ দিয়ে অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। ছবিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে, আর বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দুজনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।

নির্মাতা জাহিদ হোসেন বলেন, বুবলী বর্তমানে সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন। সে কারণে আপাতত অন্য অংশের শুটিং করা হবে। তাদের লক্ষ্য পুরান ঢাকাকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করা।

নামের কারণে এটি বাণিজ্যিক সিনেমা মনে হলেও নির্মাতার পরিকল্পনা ভিন্ন। তার ভাষ্য, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে। এরপর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে।

সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের বিরতি শেষে এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নিয়মিত কাজে ফিরবেন শবনম বুবলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...