ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক বাস্তবতা ও মনোনয়ন বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী জারা তাসনিম ও ছাত্রনেতা হাবিবুর রশীদ হাবিব-এর রাজনৈতিক মূল্যবোধের প্রশংসা করেন।
স্ট্যাটাসে আসিফ উল্লেখ করেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত রাজনীতির প্রভাবে মনোনয়ন বঞ্চিত হয়েছেন পরীক্ষিত এবং যোগ্য প্রার্থী। গুণগত রাজনৈতিক পরিবর্তনের কোন লক্ষণই দৃশ্যমান নয়। জুলাই বিপ্লবোত্তর তারুণ্যের রাজনীতিতেও ক্যারিশমা দেখা যায়নি। নির্বাচনী রাজনীতি চলছে সেই পুরনো স্টাইলেই।’
ঢাকা-৯ আসনের নির্বাচনী চিত্র তুলে ধরে আসিফ লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল ডাক্তার জারা তাসনিম (ফুটবল) দলছুট হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ঢাকা ৯ আসনে। জারা'র প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক জনপ্রিয় সংগ্রামী ছাত্রনেতা হাবিবুর রশীদ হাবিব (ধানের শীষ)। এই দুজন নির্বাচনী কাজ পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক মূল্যবোধের সর্বোচ্চ সংস্কৃতি প্রদর্শন করছেন (কোন কাঁদা ছোঁড়াছুঁড়ি নাই)। তাদের রাজনীতি ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
আসিফ আরও লেখেন, অনেক মেধাবী এবং যোগ্য প্রার্থীকে নমিনেশন দেয়নি দলগুলো। একটা টেস্ট কেস হিসেবে ঝালকাঠি- ১ আসনের প্রার্থী ব্যারিস্টার মইন ফিরোজী (হাঁস) আলোচনায় আসতে পারেন। তিনি একজন প্রথিতযশা আইনজীবী, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্যারিস্টার মইন একটি বড় দলের নমিনেশন চেয়ে পাননি, কারণ তিনি টিপিক্যাল রাজনীতিক নন। অথচ পার্লামেন্টে এই ধরনের আইন প্রনয়নকারী প্রয়োজন। তবুও তিনি দমে যাননি, যোগ্যদের অধিকার আদায়ের দৃষ্টান্ত হয়ে থাকতে চান।’
নির্বাচন নিয়ে সবশেষে তিনি লেখেন, ‘বহুদিন পর একটা ফ্রি ফেয়ার ইলেকশনের অপেক্ষায় জাতি। রাতারাতি কোন কিছুর পরিবর্তন হবেনা সেটা জানি, তবে নিশ্চয়ই একদিন ব্যারিস্টার মইন, ডাক্তার জারা, রাজনীতিক হাবিবুর রশীদরা উদাহরণ হিসেবে সফল হবেন। জাতির দেশপ্রেমের শপথ, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা আর জং ধরা অচলায়তন ভেঙে নতুন দিনের অপেক্ষায় বাংলাদেশ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

