আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই বন্ধুর গল্পে রাজু-ইমন, সঙ্গে অধরা

বিনোদন রিপোর্টার

দুই বন্ধুর গল্পে রাজু-ইমন, সঙ্গে অধরা

এমদাদ এইচ ভূঁইয়া রাজু দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর চাকরি সূত্রে শরীয়তপুরের সোবাহানের সঙ্গে রাজুর পরিচয় হয় এবং এক সময় বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু রাজুর জীবনে যে বন্ধুর ভূমিকা সবচেয়ে বেশি, সেই প্রিয় বন্ধু সোবাহান আত্মহত্যা করে ২০০৭ সালে। সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দুই বন্ধুর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।

রাজুর গল্পে নাটকটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। বেশ কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রেই এ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। রাজুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু তার বেড়ে ওঠা, পড়াশোনাÑসবকিছু সিলেটে। যুক্তরাষ্ট্রের একজন সফল ব্যবসায়ী তিনি। এ নাটকে রাজুকেই মূলত প্রধান চরিত্রের অভিনয়ে দেখা যাবে। এতে রাজু অভিনয় করেছেন রাজু নামেই এবং বন্ধু সোবাহানের চরিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন (চরিত্রের নাম অর্ণব)।

বিজ্ঞাপন

নাটকটির আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মায়া, যে চরিত্রে অভিনয় করেছেন নন্দিত নায়িকা অধরা খান।

এতে অভিনয় প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে এমদাদ এইচ ভূঁইয়া রাজু বলেন, ‘২০০৬ সালের ২২ আগস্ট আমি যুক্তরাষ্ট্র যাই। সেখানে গিয়ে চাকরি সূত্রে পরিচয় হয় সোবাহানের সঙ্গে। একসময় তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে কাজ শেখায় এবং একসময় জানতে পারি স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। প্রায়ই সে আত্মহত্যা করতে চাইত। কিন্তু একসময় সে সত্যি সত্যিই আত্মহত্যা করে, যা আমি মেনে নিতে পারিনি। আমার বন্ধুটি মারা যাওয়ার পর তাকে প্রায়ই স্বপ্নে দেখতাম। কিছুদিন আগে ইমনের সঙ্গে পরিচয় হওয়ার পর আমার বন্ধুকে নিয়ে গল্প করি। পরবর্তীতে আমার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এ নাটকটি প্রযোজনা করি। কারণ, আমার আজকের অবস্থানে আসার নেপথ্যে বন্ধু সোবাহানের বড় ভূমিকা রয়েছে। নাটকে আমিই মূল হিরো। যেহেতু আমি প্রথম অভিনয় করছি, কিছু ভুল-ত্রুটি তো আছেই। দর্শক যেন তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।’

এবারই প্রথম অধরা এ ধরনের কোনো নাটকে অভিনয় করেছেন। অভিনয় প্রসঙ্গে অধরা খান বলেন, ‘এ নাটকে আমার চরিত্রটি একেবারেই নেগেটিভ। জাস্ট এক্সপেরিম্যান্ট করার জন্যই নাটকে এবং নেগেটিভ চরিত্রে অভিনয় করা। আমি যে ভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করতে পারি, সেটাও নিজে অনুধাবন করলাম। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

নাটকটি প্রযোজনাও করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু। আগামী ঈদে রাজুরই টিভি চ্যানেল ‘এনওয়াই সেভেনটি ওয়ান’-এ প্রচার হবে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন