বিরতি ভেঙে খলনায়ক হয়ে ফিরছেন আমিন খান

বিরতি ভেঙে খলনায়ক হয়ে ফিরছেন আমিন খান

নব্বই দশকে চলচ্চিত্রে অভিষেক হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আমিন খানের। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনিয়মিত ছিলেন এ অভিনেতা।

এবার সেই বিরতি ভেঙে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আমিন খান। তবে এবার নায়ক নয়, হাজির হবেন খলনায়ক চরিত্রে।

বিজ্ঞাপন

নতুন সিনেমায় যুক্ত হয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আমিন খান বলেন, ‘খুব ভালো লাগছে। অনেকদিন পর সিনেমায় কাজ করছি। সুযোগ হয়েছে বলেই ফিরছি। মাঝে অনেকটা সময় গ্যাপ দিয়েছি। কেন জানি না, ব্যাটে-বলে মিলছিলা না। নির্মাতা ইকবাল যখন প্রস্তাব দিলেন, তখন মনে হলো সিনেমাটি করা যায়। এ ছাড়া এই সিনেমায় অনেক গুণী শিল্পী কাজ করছেন। সবার চেষ্টা থাকবে দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’

১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আমিন খানের। এরপর অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন তিনি।

‘গুলশানের চামেলি’তে আমিন খান ছাড়াও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, রোজিনা, মিশা সওদাগর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো এক ঈদে ছবিটি মুক্তি পাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন