চাঁপাইনবাবগঞ্জে সার না পেয়ে ডিলারের গোডাউনে হামলা করে সার ছিনতাইয়ের চেষ্টা করেছেন একদল কৃষক। শনিবার দুপুরে সদর উপজেলার মেসার্স একতা এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে ডিলারের গোডাউনে জড়ো হন কৃষকেরা। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা। প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ায় ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয় কৃষকদের মধ্যে। একপর্যায়ে কৃষকরা গোডাউন থেকে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি অনেকে সার নিয়েও যান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে সার ফেলে চলে যান কৃষকেরা।
মেসার্স একতা এন্টারপ্রাইজের ম্যানেজার মোজাম্মেল হোসেন বলেন, ‘সকাল থেকেই সার বিতরণ করা হচ্ছিল। তবে কৃষকদের চাপ বেশি থাকায় সবাইকে চাহিদামতো সার দেওয়া সম্ভব হচ্ছিল না। এ সময় কয়েকজন কৃষক বিক্ষুব্ধ হয়ে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ সার নিয়ে যেতে পারেননি, তারা সার ফেলে চলে যান।’
দেবিনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, ‘একদল কৃষক অন্তত আট থেকে ১০ বস্তা সার নিয়ে গেছেন। তবে এখনো সারের সঠিক হিসাব পাওয়া যায়নি। পুলিশ আসলে অনেকে বস্তা ফেলে পালিয়েছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান বলেন, সার বিতরণের সময় কৃষকদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। এ কারণে সাময়িকভাবে সার বিতরণ বন্ধ রাখা হয়েছে। তবে কেউ সার নিয়ে যেতে পারেননি বলে দাবি করেন তিনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

