হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হ্যান্ডির প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, বুধবার (স্থানীয় সময়) ক্যালিফোর্নিয়ার টারজানায় অবস্থিত নিজের বাসার সামনের বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায় ৮১ বছর বয়সী জেমস হ্যান্ডিকে। তার বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের তথ্যমতে, জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে এক ব্যক্তি বলেন, আমি মানুষের ছেলে, আমি পাপী মানুষটিকে হত্যা করেছি। এই কলের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।
ঘটনার পর ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিলকে হত্যাকারী সন্দেহে আটক করা হয়। এলএপিডি জানিয়েছে, গ্লেডহিল নিজেই ঘটনাস্থলের আশপাশে থাকা পুলিশ সদস্যদের কাছে গিয়ে জানান যে তাকে খোঁজা হচ্ছে। তিনি নিহত অভিনেতার প্রেমিকার ছেলে এবং একই বাসভবনে মায়ের সঙ্গে বসবাস করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। গ্রেপ্তারের পর গ্লেডহিলকে ভ্যান নাইস কারাগারে নেওয়া হয়। তার বিরুদ্ধে একটি হত্যার অভিযোগ আনা হয়েছে এবং জামিন নির্ধারণ করা হয়েছে ২০ লাখ মার্কিন ডলার।
নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি প্রায় ছয় দশকের অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। তিনি মূলত পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: জুমানজি, টপ গান: ম্যাভেরিক, এনওয়াইপিডি ব্লু, ল অ্যান্ড অর্ডার, সিএসআই: এনওয়াই, লোগান, এনসিআইএস, দ্য ওয়েস্ট উইং, দ্য এক্স-ফাইলস, শি রোট এবং মার্ডার।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত টপ গান: ম্যাভেরিক, চলচ্চিত্রে তিনি ‘জিমি’ নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন জেনিফার কনেলি ও টম ক্রুজ।
জেমস হ্যান্ডির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও বিনোদন অঙ্গনের ব্যক্তিত্বরা। বিনোদনবিষয়ক লেখক জে ববিন তাকে অসাধারণ চরিত্রাভিনেতা হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। অন্যদিকে লেখক ও প্রযোজক ডন উইন্সলো বলেন, তিনি ছিলেন একজন দুর্দান্ত অভিনেতা। তার অভিনয় সব সময়ই ছিল বিশেষ ও স্মরণীয়।
সূত্র: বিবিসি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই