আমার ত এখন দুইটা হার্ট
নিজেরে যে একলা ভাবুম
ভাবতে গেলেই লাগে যে,
আমার ত এখন দুইটা হার্ট!
একটা আমার
আরেকটা যে কার!
আমি খাইলেই যার খাওয়া হয়ে যায়
আমি হাঁটলেই যার ঘুম পায়
আমার উমে যে শান্তি পায়
হাত-পা নাড়ায়
যদিও দিনে দিনে টের পাই আমি
সে আরেকজন হয়ে উঠতেছে
আমার শরীরে আর থাকবে না বেশিদিন
যদি থাকত,
দুইটা হার্ট নিয়ে আমি ঘুরতাম!
অবশ্য একটু ঠেস দিয়ে হাঁটা লাগত, এখন যেমন
সামান্য বাঁকা হয়ে, পেটটারে সামনে ঠেলে
কেমন পেটভরা হাঁসের মতন
পা দুইটা ছড়ায়ে ছড়ায়ে
পুকুরে নামি সাঁতরানো যাইত যদি
সেই একজনের মতন
আমিও পুকুরের পেটে ভাসতাম
হাত-পা ছুঁড়তাম
শরীরের ভারটা পানিতে ছাড়ি
পুকুরের পেটে আরেকটা হার্ট হয়ে উঠতাম!
পুকুর কি তখন হইত আমার মা?
কুচিওয়ালা জামায় তারে ত আর গুঁজায়ে রাখা গেল না…
২০২২
কাঁটার মতো লাগে
আমি তো জীবনযুদ্ধে পিছায়ে গেলাম, বন্ধুরা
ফিলিস্তিন নিয়ে কোন কবিতা লেখলাম না বলে
আমার গলা দিয়ে ভাত নামা বন্ধ হয় নাই
তিনবেলা ভাতের আয়োজনই থামে নাই
দারুচিনি-এলাচির ব্যবহারও কমে নাই
মৌসুমি ফলের বাইরেও দূর
মহাদেশি আপেল-আঙুর
ঝুড়িভরা থাকে
কখনো আনারের রস আরো
টকটকা করে লেপ্টাই ছুরিতে
লেবু কাটতে নিলে
তেরছা করে প্রতিটা কোষের মাথা কেটে
প্রচুর রস ছড়ায়ে দিই ভাতে।
তাতে, প্রতিশোধ কি কমে?
খালি গলার ভিতর কেমন যেন কাঁটার মতো লাগে।
২০২৪
রসমালাই
খুব কম কথার ভিতরেই আমি থাকতে চাই
তাকালেই বুঝে যাবা এমন সহজ হবে প্রতিটা কদম
যেরকম গ্লাসভরা পানি নিয়ে হাঁটতে থাকা তোমার ভীরু পা
যেন আমার দিলের উপর এমনভাবে রাখলা
যাতে ব্যথা না পাই, পানিতে না ভিজে যাই
এমনই দরদে আগলায়ে রাখবা
বুঝিবা কাঁচের গ্লাস
পড়লেই ভেঙ্গে যাব
আর চোখ বড় করে তাকাব। তাতেই
তুমি কানবা আর গালে গাল ঘষবা
হুমম, আম্মুর ননাই!
মিস্টার রসমালাই!
২০২৫
তোমার হৃদয় ঘামবে কখনো
ইবাদতে নাই মন তবু
দরুদের সুরে আমার জাদুরে ঘুম পাড়াই
এমন পাগল আমি খালি তোমার দরদ চাই
কখনো লবণচাষির সুরে
এত দরদ রে, দরিয়া যেখানে থামে
দরিয়ার সমস্ত পানি বুঝি লবণ হয়ে জমে
কখনো কল-মিস্তিরির সুরে
এত বেচাইন বেচাইন লাগে
বাপের দেশে যাইতে পানিও মাটির গভীরেত্তুন জাগে
আমি পাপী, নামেই রাবিয়া
তোমার হৃদয় ঘামবে কখনো এমন মনে করি
পথে পথে দরদের যত সুর বিছরায়ে মরি
২০২৫
রাবিয়া সাহিন ফুল্লরা কবি ও অনুবাদক। জন্ম ১৯৯৭ সালের ২ মার্চ, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা গ্রামে। রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত কবিতার বই—দরিয়ার ফুল (২০২১), দুই আনা সফর (২০২৪)। অনূদিত বই—গ্যাব্রিয়েলা মিস্ত্রালের কবিতা (২০২৩), ফোরো ফারোখজাদের কবিতা (২০২৩), মরম আল মাসরীর কবিতা (২০২৫)। যৌথগ্রন্থ—খান আতাউর রহমানের গানের বই ‘পাখি রে তুই দূরে থাকলে’ (২০২২)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

