২০২৩ সালের সেরাদের সেরা সাবরিনা নওশীন টুশির কণ্ঠে এর আগেও বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। এবার তারই কণ্ঠে ‘জান পাখিরে প্রাণ পাখিরে গান পাখিরে তুই আমার’ এমন কথার একটি নতুন গান শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানটি লিখেছেন শফিক তুহিন ও প্লাবন কুরাইশী। সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। টুশির সঙ্গে গেয়েছেনও তিনি।
গানটির অডিওর পুরো কাজ শেষ হয়েছে বলে জানান টুশি। শিগগিরই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষে গানটি প্রকাশ করা হবে একটি ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে টুশি বলেন, ‘গানের কথা আমার কাছে খুউব ভালো লেগেছে। গানের শব্দগুলোই বলে দিচ্ছে গানটি একটি রোমান্টিক গান। আর আমি এর আগেও শফিক তুহিন ভাইয়ের সুরে গান করেছি। নাটকে প্রচারিত হয়েছে সেই গানটি। নতুন এই গানটির সুরও ভীষণ মিষ্টি। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে গানটি।’
এদিকে গত ২১ এপ্রিল টুশির বাবা আব্দুর রব তফাদার মারা যান। চলার পথে প্রতিটি মুহূর্তে বাবাকে ভীষণ মিস করেন টুশি। টুশি কখনো কল্পনাও করেননি তার বাবা এত তাড়াতাড়ি এই দুনিয়া থেকে তাদের ছেড়ে চলে যাবেন। টুশি দোয়া করেন যেন তার বাবাকে আল্লাহ বেহেশত নসিব করেন।
টুশি জানান, তার বাবার মৃত্যুর পর অনেক স্টেজ শোতে গান গাইবার প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি তখনো মানসিকভাবে স্টেজ শোতে গান গাইবার জন্য প্রস্তুত ছিলেন না। টুশি বলেন, ‘সত্যি বলতে কী আব্বু মারা যাবার পর এতটাই ভেঙে পড়েছি যে কোনোকিছুই আসলে ভালো লাগছিল না। যে কারণে কোনো স্টেজ শোতেও গাইবার ইচ্ছে হচ্ছিল না। তবে আগামী কিছুদিনের মধ্যে স্টেজ শোতে ফেরার ইচ্ছে আছে। দেখা যাক কী হয়।’
২০২৩ সালে চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ (প্রথম) হয়েছিলেন টুশি। সেই গ্র্যান্ড ফিনালেতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা সেরাদের সেরা হিসেবে টুশির নামটিই সবার আগে উচ্চারণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

