উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশায় শেষ যে গানটি রেকর্ড হতে দেখেছেন সেটি তার নিজের লেখা ‘মেঘলা আকাশ’ শিরোনামের গান। এই গানটির সুর সঙ্গীত করেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় মেধাবী সঙ্গীতশিল্পী, সুরকার অপু আমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি ও অপু আমান।
এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। আগামী ঈদের আগেই দিঠির নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন দিঠি।
দিঠি বলেন, ‘আব্বু তার জীবদ্দশায় এই গানটি রেকর্ড হতে দেখেছেন। যে কারণে এই গানটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। যেহেতু আব্বু অপুকে ভীষণ স্নেহ করতেন এবং তিনি নিজেই অপুকে ডেকে কয়েকটি গান দিয়েছিলেন সুর করার জন্য, তারমধ্যে অন্যতম হলো মেঘলা আকাশ। অপু এত চমৎকার সুর করেছে যে গানটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। আর আব্বুর গানের কথা কেমন তা এই উপমহাদেশের বাংলা ভাষাভাষী শ্রোতা দর্শকেরা বেশ ভালো করেই জানেন। অপুরও সৌভাগ্য যে এই মেঘলা আকাশ-গানটি গাইতে পারার সুযোগ পেলো।’
অপু আমান প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে কী এই প্রজন্মে যারা গান গায় তাদের মধ্যে অপু আমার খুব প্রিয় একজন শিল্পী। তার কম্পোজিশনও এক কথায় অসাধারণ। আমি অপুকেই মিউজিক ভিডিও করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। সে তার প্রোডাকশন হাউজ থেকেই এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আমি খুব আশাবাদী। তবে এই গানটিকে ঘিরে আব্বার অনেক পরিকল্পনা ছিলো। কারণ আব্বু যে বছর মারা যান সে বছরের ২৪ সেপ্টেম্বর আব্বু আম্মুর ৫০তম বিবাহ বার্ষিকীতে আব্বু-আম্মুরই গানটি গাওয়ার কথা ছিলো।’
অপু আমান বলেন, ‘আমার সঙ্গীত জীবনে এটাই পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় গাজী চাচার লেখা গানের সুর সঙ্গীত করতে পেরেছি। তিনি আমাকে নিজে ডেকে গানের সুর করতে বলেছিলেন। তার মৃত্যুর দু-দিন আগেও তারই সামনে বসে গানের সুর করার সুযোগ হয়েছিল আমার। এমন সৌভাগ্য কজনের হয়। ‘মেঘলা আকাশ’ গানটির বাণীর সঙ্গে সমন্বয় করেই গানটির সুর করার শতভাগ চেষ্টা করেছি। আমি খুব আশাবাদী গানটি নিয়ে। দূর আকাশে চাচার কাছে এই গানের সুর পৌঁছে যাবে বলেই আমার বিশ্বাস।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

