‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’- রুনা লায়লা বাংলাদেশের সংগীত ভুবনের এক অন্য দীপশিখা। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী তাঁর অনন্য শিল্পসাধনা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর কণ্ঠে সংগীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, তা হয়ে উঠেছে সৌন্দর্যবোধ, মানবিকতা, প্রেম, দেশাত্মবোধক এবং সাংস্কৃতিক ঐক্যের এক চিরন্তন ভাষা।
যে কণ্ঠ সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশ ও লালনে যাঁরা অসামান্য অবদান রেখেছেন তাঁকে সম্মান জানানো মানে একটি জাতির সাংস্কৃতিক স্মৃতিকে সম্মান জানানো। এই কিংবদন্তি শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সংগীতের ভুবনে তাঁর অবদানকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে আগামী ২৪ জুলাই, সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে নিয়ে সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে গাইবেন তিনি।
সংগীতানুষ্ঠানটি ১৮ জুলাই হওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে পিছিয়ে তা ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং ডা. জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কানিজ মওলা। উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা গাইবেন তাঁর জনপ্রিয় ও বিখ্যাত গানগুলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

