আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারীর দিনবদলে ‘ডেভেলপমেন্ট ফর সোসাইটি’

মো. আশরাফুল ইসলাম সুমন

নারীর দিনবদলে ‘ডেভেলপমেন্ট ফর সোসাইটি’

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর সদরে কামারকোনা, ভোগপাড়াসহ পাশের গ্রামের মানুষের সমন্বয়ে ২০১৩ সালের ১ জানুয়ারি ‘ডেভেলপমেন্ট ফর সোসাইটি’ (ডিপিএস) সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য, সমাজের অনগ্রসর নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, ক্ষুদ্রঋণের মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণের ব্যবস্থা করা, ক্ষুদ্র ও কুটিরশিল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধ করা, নারী নির্যাতন ও যৌতুকবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করা, ইভটিজিং প্রতিরোধ করার জন্য জনগণকে সচেতন করা, হাঁস-মুরগি, গবাদি পশু পালন ও মৎস্য চাষ, ডেঙ্গু প্রতিরোধ করা, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করা, বৃক্ষরোপণ অভিযান করা ইত্যাদি।

সংগঠনটিতে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ২৫ জন এবং ঋণ দিয়ে ১৫ জন নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। বৃক্ষরোপণ অভিযানে ৩৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০১৯ সাল থেকে ৪৫০ জনকে কম্বল বিতরণ করা হয়েছে। বেকার অসহায় মহিলাদের কর্মসংস্থানের জন্য ৩২টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যৌতুক নেব না ও যৌতুক দেব না অঙ্গীকারনামায় ৪৫৫ জনের স্বাক্ষর নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। লাইব্রেরি স্থাপন করা হয়েছে। সংগঠনের সহযোগিতায়, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার মাধ্যমে নারী ও যৌতুকবিরোধী ১০টি উঠান বৈঠক করে সচেতন করা হয়েছে। নারী ও শিশু পাচাররোধে জনগণকে সচেতন করা হচ্ছে, বিভিন্ন জাতীয় দিবস পালন করা হচ্ছে। করোনাকালে সমিতির মাধ্যমে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্যসচেতনতার জন্য সাবান, সেনিটাইজার, স্যাভলন, হ্যান্ডওয়াশ, মাস্ক বিতরণ করা হয়। এ সংগঠনের মাধ্যমে প্রতি ঈদে গরিব মানুষের মধ্যে খাবারসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভানেত্রী জয়িতা শাহানাজ পারভীন জানান, ‘আমাদের এই সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছি। সরকারি, বেসরকারি ও অন্যান্য যেকোনো পর্যায় থেকে সহযোগিতা পেলে আরো বিস্তৃত পরিসরে নারীর ক্ষমতায়নে কাজ করতে পারব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন