এশিয়ার সুন্দরতম দেশ ভিয়েতনাম

এশিয়ার সুন্দরতম দেশ ভিয়েতনাম

বন্ধুরা, আজ তোমাদের কাছে এশিয়ার সুন্দর একটি দেশের কথা তুলে ধরব। দেশটি প্রায় ৪ হাজার দ্বীপবেষ্টিত। সবুজ বনজঙ্গলে ঘেরা পাহাড়, সুউচ্চ পাথুরে পর্বতমালা, অপরূপ সৌন্দর্যে সাজানো সমুদ্রসৈকত, নীল জলরাশির মধুর হাতছানি, বালুকাময় সৈকতের আকর্ষণ আর সাগর উপকূলের মানুষের বিচিত্র জীবনযাপন—সব মিলিয়ে মোহময় এক দেশ ভিয়েতনাম। এশিয়ার অন্যতম সুন্দর দেশ ভিয়েতনামে এমন কিছু জায়গা রয়েছে, যা ভ্রমণকারীদের দিতে পারে অনন্য অভিজ্ঞতা।

ভিয়েতনাম চীনের প্রতিবেশী একটি জনবহুল দেশ। দেশটির উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। হ্যানয় ভিয়েতনামের রাজধানী এবং হো চি মিন সিটি দেশটির বৃহত্তম শহর।

বিজ্ঞাপন

ভিয়েতনাম ভৌগোলিকভাবে সরু ও দীর্ঘ। দেশটির আকৃতি অনেকটা ইংরেজি ‘এস’ (S) অক্ষরের মতো। এর ভূমিরূপও বিচিত্র। উত্তর প্রান্ত ও মধ্যভাগের ভিয়েতনাম পাহাড়-পর্বতময়। উত্তরের উচ্চভূমিগুলো ধীরে ধীরে ঢালু হয়ে পূর্বদিকের প্রশস্ত, নদীবহুল উপকূলীয় সমভূমির সঙ্গে মিশে গেছে। মধ্য ভিয়েতনাম দেশের সবচেয়ে সরু অংশ। এখানে পর্বতগুলো সমুদ্রের অনেক কাছে অবস্থিত। এমনকি কোনো কোনো জায়গায় এগুলো সমুদ্রের একেবারে গা ঘেঁষে রয়েছে।

দক্ষিণ ভিয়েতনামের বিস্তীর্ণ অঞ্চল মেকং নদীর অববাহিকায় অবস্থিত। এ অঞ্চলের সমভূমি উর্বর। এখানে প্রচুর কৃষিকাজ হয় এবং প্রধানত ধান উৎপাদন করা হয়। ভিয়েতনাম ঐতিহাসিকভাবে একটি কৃষিভিত্তিক সমাজ হিসেবে গড়ে উঠেছে। তবে বর্তমানে শহরমুখী জনসংখ্যার পরিমাণ ক্রমেই বাড়ছে। ফলে হো চি মিন সিটি, হ্যানয় ও অন্যান্য শহরের জনসংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ভিয়েতনামে ৫৩টি ভিন্ন জাতিগত ও ভাষাগত গোষ্ঠীর বসবাস রয়েছে। তবে ভিয়েত বা ভিয়েতনামীয় জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ। এ জনগোষ্ঠীর মানুষ আদিতে লোহিত নদীর উপত্যকায় বাস করত। নদীটি চীনে উৎপত্তি লাভ করে উত্তর ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে টনকিন উপসাগরে পতিত হয়েছে।

একসময় কৃষিপ্রধান দেশ হিসেবে পরিচিত ভিয়েতনাম এখন শিল্প ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে ভিয়েতনাম বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া বিভিন্ন শিল্পজাত পণ্য উৎপাদনেও দেশটি বেশ এগিয়ে গেছে।

ভিয়েতনামের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। দেশটির বিভিন্ন অঞ্চলে শুষ্ক ও বর্ষা—এই দুই ধরনের ঋতুর প্রভাব লক্ষ করা যায়। সারা দেশেই প্রচুর বৃষ্টিপাত হয়। দক্ষিণ ও মধ্য ভিয়েতনামে মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। মেকং অববাহিকায় মে থেকে অক্টোবর পর্যন্ত দীর্ঘ সময় বৃষ্টি হয়। মধ্য ভিয়েতনামে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত বেশি হয়। উত্তর ভিয়েতনামেও প্রচুর বৃষ্টিপাত হয়।

ভাত ভিয়েতনামীয়দের প্রধান খাদ্য। ভাতের সঙ্গে এক ধরনের গাঁজানো মাছের সস ব্যবহার করা হয়, যার নাম ‘নুওক মাম’ (nuoc mam)। এ সসে অন্যান্য খাবারও ডুবিয়ে খাওয়া হয়। আঞ্চলিক খাবার-দাবারেরও প্রচলন রয়েছে। ভিয়েতনামীয়রা স্যুপজাতীয় খাবার খেতে চামচ এবং অন্যান্য খাবার খেতে চপস্টিক ব্যবহার করেন। সাধারণত টেবিলের মাঝখানে খাবার পরিবেশন করা হয়। সেখান থেকে প্রত্যেকে নিজের ভাতের বাটিতে খাবার তুলে নেন। খাওয়ার সময় তারা সাধারণত এক হাতে ভাতের বাটি ধরে রাখেন।

পানীয়ের মধ্যে চা, কফি ও বিয়ার জনপ্রিয়। তবে এগুলো খাবারের পরও পরিবেশন করা হয়। ভিয়েতনামীয়রা সাধারণত সাক্ষাৎ ও বিদায়ের সময় করমর্দন করেন। সম্মান দেখানোর জন্য দুই হাতে করমর্দন এবং মাথা সামান্য ঝোঁকানোর রীতিও রয়েছে। গ্রামীণ এলাকায় বয়স্ক ব্যক্তিদের মাথা সামান্য ঝুঁকিয়ে সম্মান জানানো হয়। নারীরা সাধারণত করমর্দনের চেয়ে মাথা ঝোঁকাতে বেশি পছন্দ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন