আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ৬ দফা দাবি জানিয়েছে বামপন্থি সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ও এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল এসব দাবি উপস্থাপন করেন।
ইমি বলেন, ‘ডাকসু নির্বাচন আমাদের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার বড় সুযোগ। তবে নানা অনিয়ম, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শঙ্কা শিক্ষার্থীদের উদ্বিগ্ন করছে। এসব কাটিয়ে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমাদের কিছু প্রস্তাব রাখা হয়েছে।’
সংবাদ সম্মেলনে জাবির আহমেদ জুবেল বলেন, ডাকসু নির্বাচন কমিশন ক্ষমতাঘেষা ছাত্রসংগঠনগুলোকে বাড়তি সুযোগ সুবিধা দিচ্ছে। প্রশাসনের সম্মুখে আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ আমলে নেওয়া হচ্ছে না। এগুলো স্পষ্টত পক্ষপাতিত্বমূলক আচরণ। এসময় তিনি ডাকসু নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য আচরণ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো—
১. অপরাধে সম্পৃক্তদের প্রার্থিতা বাতিল: শিক্ষার্থী নিপীড়ন, গণতান্ত্রিক আন্দোলনে হামলা বা ফৌজদারি অপরাধে জড়িতদের প্রার্থিতা বাতিল করতে হবে।
২. ভোটকেন্দ্র সংখ্যা বৃদ্ধি ও স্থানান্তর: সীমিত কেন্দ্র শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করতে পারে। তাই কেন্দ্র বাড়িয়ে আবাসিক হলের কাছাকাছি স্থাপন করতে হবে।
৩. পরীক্ষা সাময়িক স্থগিত: ৫-১৬ সেপ্টেম্বর পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রেখে কেবল ক্লাস চালু রাখতে হবে, যাতে প্রার্থী ও ভোটাররা নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারেন।
৪. আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় (যেমন—ফরম তোলায় বাধা, কুরআন বিতরণ, বেআইনি বিলবোর্ড ও প্রচারণা) প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৫. ব্যালটে ছবি সংযুক্তকরণ: প্রার্থীর নামের পাশে ছবি ছাপাতে হবে, যাতে বিভ্রান্তির সুযোগ না থাকে।
৬. ভোটদান প্রক্রিয়া সহজ করা: শুধুমাত্র হল কার্ডের পরিবর্তে যেকোনো বৈধ বিশ্ববিদ্যালয় ডকুমেন্ট দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।
‘প্রতিরোধ পর্ষদ’-এর নেতৃবৃন্দ মনে করেন, এসব দাবি বাস্তবায়িত হলে ডাকসু নির্বাচন গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আস্থা বাড়বে এবং সকলে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


