ঢাকার ধামরাই উপজেলার দুই গ্রামের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বেদে পল্লী নির্মাণ ৪০টি বেদে পরিবারকে খাস জমি ও বেদে পল্লীর ২৫ জন সদস্যকে সেলাই মেশিন এবং সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন প্রশাসক ফরিদা খানম।
এ সময় তিনি বলেন,"সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে।"
ফরিদা খানম বলেন,"একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচজন সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে। সেলাই মেশিনের পাশাপাশি বেদে পল্লীর বাসিন্দাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের প্রতিও উৎসাহিত করা হচ্ছে।"
জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন বেদে পল্লীর সদস্যরা। তারা বলেন, খাস জমি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা।
বেদে পল্লীর পূর্ণিমা আক্তার বলেন,"আপনারা যেভাবে বেদে সম্প্রদায়ের দিকে তাকিয়েছেন প্রশাসন, প্রধানমন্ত্রীও দেখেননি। এতকিছু করার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ। সেলাই মেশিন দিয়েছেন। এটা দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবো। আগে থেকে কাজ জানতাম। কিন্তু মেশিন না থাকার কারণে কাজ করতে পারতাম না। এখন করতে পারবো।"
হেনা নামে আরেকজন বলেন,"এতো কিছু পেয়ে আমরা খুশিতে আত্মহারা। চাওয়ার আগে আমরা পেয়ে যায়। ঘরবাড়ি দিছেন, মেশিন দিছেন। রাস্তাও করে দিছেন। এরআগে অনুদানও দিছেন। কি আর চাইবো। চাওয়ার আগেই পাইবো।"
এসসময় বেদে পল্লীর পক্ষ থেকে ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়। পেয়ে উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরিদা খানম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


