প্রিয় আমার পাঠশালা

গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়

শিফা চৌধুরী

গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়

মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো শিক্ষা। কিন্তু একসময় চট্টগ্রামের সাগরবিধৌত হালিশহর হাউজিং এস্টেট অঞ্চলের মানুষ এই মৌলিক চাহিদা থেকেও অনেকটা বঞ্চিত ছিল। এলাকাবাসীর সন্তানদের শিক্ষার সুযোগ ছিল সীমিত, বিদ্যালয়ের অভাব ছিল প্রকট। সেই প্রেক্ষাপটে কিছু তরুণ দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব এগিয়ে আসেন—তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও জনসেবার মানসিকতা থেকেই জন্ম নেয় এক উজ্জ্বল স্বপ্নের প্রতীক, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়।

প্রতিষ্ঠার ইতিহাস : ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর—বিজয়ের দিনে, হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিশু-কিশোরদের খেলাধুলার আয়োজন করা হয়। সেই আনন্দঘন মুহূর্তেই তৎকালীন বিডিআর সুবেদার মেজর এ এস এম হাসান উদ্দিন ঘোষণা দেন, এ এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

বিজ্ঞাপন

পরদিন বৈঠকে তাকে আহ্বায়ক ও আবদুল আজিজ খানকে সদস্য সচিব করে বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। অবশেষে ১৯৮০ সালের ৬ জানুয়ারি হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হয়। অস্থায়ী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হারেছ মিয়া।

এভাবেই সূচনা হয় ‘গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়’-এর মহিমান্বিত যাত্রা, যা আজ চার দশকেরও বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করছে ।

বর্তমান অবস্থা ও প্রশাসন : বর্তমানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সরকারি প্রধান এম এ মঞ্জুর। এখানে ৫২ শিক্ষক ও ১৫ কর্মচারী প্রায় চার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন গড়ে তোলার জন্য নিষ্ঠা, সততা ও যত্নের সঙ্গে দায়িত্ব পালন করছেন । বিদ্যালয়টি একটি বেসরকারি প্রতিষ্ঠান, তবে শিক্ষার মান, শৃঙ্খলা ও সংস্কৃতির দিক থেকে এটি যেকোনো সরকারি বিদ্যালয়ের সমতুল্য মর্যাদা অর্জন করেছে। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এখানে অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণÑশ্রেণিকক্ষে শেখা যেমন হয়, তেমনি শেখানো হয় জীবনের মূল্যবোধ, শৃঙ্খলা এবং মানবিকতা।

অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা : শিক্ষার মানোন্নয়নে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে রয়েছে আধুনিক নানা সুযোগ-সুবিধা। বিদ্যালয়ে একটি উন্নতমানের বিজ্ঞানাগার রয়েছে, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে বিভিন্ন পরীক্ষণ শিখে বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এছাড়া রয়েছে আইসিটি ল্যাব, যেখানে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়, শেখে কম্পিউটার ও ডিজিটাল শিক্ষার বাস্তব প্রয়োগ।

বিদ্যালয়ের সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানপিপাসা মেটাতে সাহায্য করে—এখানে পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন সাহিত্য, ইতিহাস ও বিজ্ঞানবিষয়ক বই রয়েছে।

বিদ্যালয়ের সামনে রয়েছে একটি বিস্তীর্ণ মাঠ, যেখানে প্রতিদিন শিক্ষার্থীরা ক্রীড়াচর্চা ও শারীরিক অনুশীলনে অংশ নেয়। এই মাঠটি শুধু খেলাধুলার জায়গা নয়, বরং এটি বিদ্যালয়ের প্রাণকেন্দ্র যেখানে ঘটে নানা প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান ও জাতীয় দিবসের আয়োজন।

সাংস্কৃতিক ও বার্ষিক আয়োজন : গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষাজীবন শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—এখানে জীবন মানেই উৎসব, সৃজনশীলতা ও আনন্দ। প্রতিবছর আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান। বিদ্যালয়ে প্রতিবছর অনুষ্ঠিত হয় বিজ্ঞানমেলা ও বইমেলা, যা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহ জোগায়। এছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে—যাতে শিক্ষার্থীরা পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে।

জাতীয় দিবসগুলো যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—এসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শিক্ষার্থীদের মনে দেশপ্রেম ও ইতিহাসচেতনা জাগিয়ে তোলে ।

শিক্ষা সফর ও আনন্দভ্রমণ : প্রতিবছর বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় শিক্ষা সফর ও বনভোজন। এগুলো শুধু ভ্রমণ নয়—এটি শেখার, মিলনের ও আনন্দের উৎসব। শিক্ষার্থীরা দেশের ঐতিহাসিক স্থান, প্রকৃতি ও সংস্কৃতিকে সরাসরি দেখার মাধ্যমে বাস্তব জ্ঞানে সমৃদ্ধ হয়।

গৌরব ও প্রেরণার আলোকবর্তিকা : প্রতিষ্ঠার পর থেকে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ধারাবাহিকভাবে উৎকর্ষ ধরে রেখেছে। এখানকার শিক্ষার্থীরা প্রতিবছর পাবলিক পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে আজ গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি এক প্রেরণার প্রতীক, এক স্বপ্নের আলো, যা চার দশক ধরে হালিশহরবাসীর জীবনে জ্ঞানের জ্যোতি ও আশার বার্তা এনে দিয়েছে। এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই যেন একেকটি দীপ্ত নক্ষত্র, যারা একদিন নিজেদের আলো ছড়িয়ে আলোকিত করবে দেশকে, সমাজকে, ভবিষ্যৎকে।

শিফা চৌধুরী

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম

ইংরেজি বিভাগ (প্রথম বর্ষ)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন