সুস্থ জীবনের জন্য পরিমিত ঘুম অপরিহার্য। তবে আধুনিক জীবনের ব্যস্ততায় অনেকেই পর্যাপ্ত ঘুমের অভাবে ভুগছেন, যা মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, কম ঘুম মানুষের মস্তিষ্কের বিভিন্ন কোষকে ক্ষতিগ্রস্ত করছে।
ইতালির ‘ইউনিভার্সিটি অফ ক্যামেরিনো’র গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত সময় না ঘুমালে মানুষের মস্তিষ্কের নিউরন বা স্নায়ু কোষকে সুরক্ষিত রাখতে চর্বিওয়ালা যে আবরণটি রয়েছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। যা মানুষের মস্তিষ্কের কাজের সক্ষমতা বা মানসিক প্রক্রিয়া ব্যাহত হরে।
বিজ্ঞান ও প্রযুক্তি সাইট সায়েন্সঅ্যালার্ট প্রতিবেদনে লিখেছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গবেষণা দলটি দেখেছে, এ ক্ষতির মূল কারণ ‘অলিগোডেন্ড্রোসাইট’ নামের এক কোষের রাসায়নিক ভারসাম্যহীনতা। এসব কোষ দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, যা ‘মায়েলিন’ নামের প্রতিরক্ষামূলক আবরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গবেষণাটি নিশ্চিত করেছে, দেহের অলিগোডেন্ড্রোসাইট কোষগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঘুমের অভাবের ফলে মায়েলিনের স্থায়িত্ব নষ্ট হওয়া, স্নায়বিক সংকেত ধীর হয়ে যাওয়া ও আচরণগত ত্রুটির মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে।
গবেষকেরা জানিয়েছে, অতিরিক্ত ঘুমের অভাব মাইক্রোগ্লিয়া কোষকে সক্রিয় করে এবং তাদের ফ্যাগোসাইটিক (কোষের বর্জ্য খেয়ে ফেলা) কাজে অনুপ্রেরণা দেয়। নিউরোইনফ্লামেশনের কোনো বড় লক্ষণ ছাড়াই। এ থেকে বোঝা যায় বড় সময়ের জন্য ঘুমের অভাব মাইক্রোগ্লিয়াকে প্রভাবিত করে এবং অন্যান্য সমস্যার ব্যাপারে মস্তিষ্ককে সংবেদনশীল করে তোলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

