আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ব ক্যানসার দিবসের আলোচনা সভা

প্রতি বছর ক্যানসারে নতুন আক্রান্ত এক লাখ ৬৭ হাজার

স্টাফ রিপোর্টার

প্রতি বছর ক্যানসারে নতুন আক্রান্ত এক লাখ ৬৭ হাজার
ছবি: আমার দেশ

দেশে প্রতি বছর এক লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় এক লাখ ১৬ হাজার। বিপুলসংখ্যক এ ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়ার সামর্থ্য দেশে নেই। সরকারি-বেসরকারি সব মিলিয়ে প্রায় ৩০টির মতো ক্যানসার চিকিৎসাকেন্দ্র আছে। সবগুলোতে আবার ক্যানসার চিকিৎসার সব পদ্ধতি চালু নেই। এ পরিস্থিতিতে চিকিৎসার পাশাপাশি ক্যানসার প্রতিরোধের জন্য ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে গতকাল বুধবার গণস্বাস্থ্য নগর হাসপাতারে মেজর হায়দার মিলনায়তনে ‘ক্যানসার পরিস্থিতি পর্যালোচনা ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, ‘ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ অনন্যতায় ঐকতান’।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল প্রকল্পের সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেনÑগণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. সাঈদ উজ-জামান অপু, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোসাররত সৌরভ, ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ন কবির, নারী উদ্যোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা মাশহুদা খাতুন শেফালী, হীল-এর প্রতিষ্ঠাতা জেবুন্নেসা, গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডের এমডি এবিএম জামাল উদ্দিন আহমেদ, সিওসি ট্রাস্টের ট্রাস্টি ও প্রধান নির্বাহী ইকবাল মাহমুদ, রোটারিয়ান সৈয়দ আফতাবুজ্জামান ও সিনিয়র সাংবাদিক নাদিরা কিরণ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এমডি ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. হাবিবুর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচিত্রকার মসিহউদ্দিন শাকের।

সভায় বক্তারা বলেন, ক্যানসার নিয়ন্ত্রণে আনতে গেলে সার্বিকভাবে একটি জাতীয় ক্যানসার নিয়ন্ত্রণ কৌশলপত্র, কর্মপরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করা খুবই জরুরি, যা বাংলাদেশে বর্তমানে নেই। ক্যানসার চিকিৎসার সুযোগ বিভাগীয় এবং জেলা পর্যায়ে মেডিকেল কলেজগুলোতে চালু করা দরকার। ক্যানসারের লক্ষণ দেখা দেওয়ার আগেই খুব সহজ পদ্ধতির মাধ্যমে গোপন ক্যানসার রোগী খুঁজে পাওয়ার পদ্ধতি উপজেলা পর্যন্ত বিস্তৃত করতে হবে।

অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে ১০ জন সাংবাদিককে ক্যানসার প্রতিরোধে গণমাধ্যমের সহযোদ্ধা হিসেবে কৃতজ্ঞতা স্মারক উপহার দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন