অমর একুশে বইমেলা ২০২৬- এর তারিখ পরিবর্তনসহ চার দফা দাবিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় প্রকাশকরা।
গত রোববার প্রধান উপদেষ্টার বরাবর জমা দেওয়া এক স্মারকলিপিতে তারা প্রকাশনা শিল্পের বর্তমান সংকট ও বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপিতে প্রকাশকরা অমর একুশে বইমেলা-২০২৬ পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজন করা, চলতি বছর মেলায় স্টল ও প্যাভিলিয়নের ভাড়া সম্পূর্ণ মওকুফ করে সরকারি অর্থায়নে স্টল ও প্যাভিলিয়নের কাঠামো নির্মাণ, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বই কেনায় আর্থিক প্রণোদনা বা ‘বই-ভাতা’ চালু করা এবং সরকারি বই ক্রয় নীতির সংস্কার করে প্রতিটি মানসম্মত বইয়ের ন্যূনতম ৩০০ কপি রাষ্ট্রীয়ভাবে ক্রয়ের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
স্মারকলিপিতে প্রকাশনা খাতের দুর্দশার কথা উল্লেখ করে প্রকাশকরা জানান, দেশের প্রকাশনা শিল্প বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের দাবি অনুযায়ী, বাংলাদেশে প্রকাশিত প্রায় ৯৫ শতাংশ বইয়ের প্রথম সংস্করণ মাত্র ৩০০ কপি ছাপা হয় এবং এর মধ্যেও ৭০ শতাংশের বেশি বই পুরোপুরি বিক্রি হয় না। গত দেড় বছরে বই বিক্রি ৬০ শতাংশের বেশি কমে গেছে বলে উল্লেখ করা হয়। এতে করে দেশের প্রায় ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি প্রকাশক অস্তিত্ব সংকটে পড়েছেন।
স্মারকলিপিতি প্রকাশকরা উল্লেখ করেন, আসন্ন অমর একুশে বইমেলার সময়সূচি নিয়ে প্রকাশকদের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। রমজান মাস ও নির্বাচনি বাস্তবতা বিবেচনায় বইমেলার সময় পরিবর্তনের দাবিতে ইতোমধ্যে ২৬২ জন প্রকাশক স্বাক্ষরিত একটি আবেদন জমা দেওয়া হয়েছে। এ দাবির পক্ষে বাংলাদেশ প্রকাশক সমিতিসহ (বাপুস) প্রকাশকদের মধ্যে অভূতপূর্ব ঐকমত্য রয়েছে বলে জানান তারা।
প্রধান উপদেষ্টাকে সতর্ক করে স্মারকলিপিতে তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ফেব্রুয়ারি মাস বা রমজানের মধ্যে বইমেলা অনুষ্ঠিত হলে অনেক প্রকাশকের পক্ষে এতে অংশগ্রহণ করা সম্ভব হবে না। এতে করে প্রকাশনা শিল্প আরও বড় বিপর্যয়ের মুখে পড়বে। আমরা বইমেলা চাই, কিন্তু লোকসানের বোঝা মাথায় নিয়ে ধ্বংস হতে চাই না।
প্রকাশকদের পক্ষ থেকে স্মারকলিপি দেন আহমদ পাবলিশিং হাউজ প্রকাশক মেছবাহউদ্দীন আহমদ, কাকলী প্রকাশক এ.কে নাসির আহমেদ, অন্যপ্রকাশ প্রকাশক মাজহারুল ইসলাম, অনন্যা প্রকাশক মনিরুল হক, অ্যাডর্ন প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, প্রথমা প্রকাশন ও পাণ্ডুলিপি সমন্বয়ক মো. মোবারক হোসেন, ইতি প্রকাশন প্রকাশক মো. জহির দীপ্তি, ইউপিএল প্রকাশক মাহরুখ মহিউদ্দীন, আদর্শ প্রকাশক মাহাবুব রাহমান, লাবনী প্রকাশক ইকবাল হোসেন সানু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

