ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
বুধবার দেশটির সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি পারানা রাজ্যের বিআর-৩৭২ মহাসড়কে ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সবাই বাসের যাত্রী ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করত। তবে এ বিষয়ে ইম্বিতুভা কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ইম্বিতুভা শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। শহরটি পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

