ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আরো এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
আইডিএফের ভাষ্য, নিহত ওই কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর সুফা সামরিক ঘাঁটিতে হামলা ও অনুপ্রবেশে নেতৃত্ব দিয়েছিলেন।
আইডিএফের দাবি, নিহত ব্যক্তি নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি।
এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সুফা ঘাঁটিতে প্রাণঘাতী হামলার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গাজায় চলমান ইসরাইল–হামাস যুদ্ধে আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের সময় রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রেও আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ ছাড়া হামাসের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং নতুন হামলার প্রস্তুতির সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে আইডিএফ।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য আল-কাদি যে তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন, তা দূর করতেই তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

